ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থী ও পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজে বসবে অত্যাধুনিক এস্কেলেটর (চলন্ত সিঁড়ি)।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিএএফ শাহীন কলেজ মাঠে এক্স শাহীন অ্যাসোসিয়েশন অব ঢাকার (ইসাড) পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘‘বিদ্যা অর্জন সহজ, কিন্তু শিক্ষা অর্জন সহজ নয়।’’ এখান থেকে আমরা সে শিক্ষা অর্জন করেছি। বড়দের শ্রদ্ধা করা, ছোটদের ভালবাসার যে শিক্ষা সেটি পেয়েছি। আমরা যেমন বিদ্যা অর্জন করেছি, তেমনই শিক্ষাও পেয়েছি। শাহীন স্কুল আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।’
তিনি বলেন, ‘ঢাকায় যতগুলো কলেজ আছে, তারমধ্যে শাহীন কলেজ অন্যতম। শাহীন কলেজে রয়েছে বড় খেলার মাঠ। এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার সুযোগ রয়েছে। আমরা গর্ববোধ করি, এই প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি আমাদের শিখিয়েছে বড়দের শ্রদ্ধা করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এই প্রতিষ্ঠানের ঋণ শোধ করা সম্ভব না। আজকে আমি ঢাকা উত্তরের মেয়র। শাহীন কলেজই আমার ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে।’
তার মন্তব্য, ‘এই কলেজের মাঠ আমাকে ডাকে, ক্লাসরুম আমাকে এখনও ডাকে। বঙ্গবন্ধুর বড় ছেলে শহীদ শেখ কামাল এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। শেখ কামাল এই মাঠে খেলাধুলা করেছেন, এই ক্যাম্পাসে দলবেধে ঘুরে বেড়িয়েছেন। তার স্মৃতি আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি।’
এ সময় শহীদ শেখ কামালের নামে কলেজ ভবনের নামকরণের আহ্বান করে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ কামালের নামে ভবন ও লাইব্রেরির নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে।’
তিনি বলেন, ‘ইসাডের পক্ষ থেকে একটা ল্যাবেরটরি করে দিয়েছি। চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্যান্ডেমিক চলাকালীন খাবার নিশ্চিত করেছি। ইসাডের মেম্বারদের মধ্যে যদি কেউ মারা যায়, তাদের সন্তানদের আমরা সহায়তা দিয়ে আসছি।’
তিনি বলেন, ‘২০১৭ সালে আমরা বলেছি, আমরা শাহীন ক্লাব করেছি। এটি বাস্তবে পরিণত করেছি। ক্লাবটা করা হয়েছে যারা বিভিন্ন শাহীন স্কুলে পড়াশোনা করেছেন, তারা এর সদস্য হবেন। এছাড়া গ্রুপ ক্যাপ্টেন এবং এভোব যারা হবেন তারা শাহীন কলেজের সম্মানিত সদস্য হবেন।’
অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএএফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান, ইসাডের প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা জিয়া শামসি, বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক।









