রাজধানীর আফতাবনগরে ডোবায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে তামজিদ আহামেদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তামজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইল। শান্তিবাগের গোলবাগে পরিবারের সঙ্গে থাকতেন। নিউ স্কাটন রোডের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি (বিজ্ঞান বিভাগ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
মৃতের সহপাঠী শাহিল রহমান জানান, তামজিদসহ তারা চার বন্ধু আফতাবনগরে যান। সেখানে একটি ডোবায় তিন বন্ধু গোসল করতে নামেন। তাদের মধ্যে দুই জন সাঁতার কেটে উঠতে পারলেও ডুবে যান তামজিদ। পরে তারা তামজিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’








