এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (১১ জুলাই) ডিএসসিসির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, প্রয়োজনে ব্লিসিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থী।
এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার অঞ্চল-১ এ ১০টি, অঞ্চল-২ এ ১২টি, অঞ্চল-৩ এ ২৮টি, অঞ্চল-৪ এ ১১টি, অঞ্চল-৫ এ ১৫টি, অঞ্চল-৬ এ তিনটি, অঞ্চল-৭ এ চারটি, অঞ্চল-৮ এ পাঁচটি, অঞ্চল-৯ এ ছয়টি এবং অঞ্চল-১০ এ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।
পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।









