নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– যাত্রাবাড়ী ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০),যাত্রাবাড়ী ৪৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. শুক্কুর আলী (৫২), ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭)।
মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, ‘বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। এর আগে, তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।








