রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. বায়জিদ (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) সকালে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন গাজী এ তথ্য জানান।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মমিনপুর জঙ্গরা গ্রামের আবু সাঈদয়ের ছেলে বায়জিত। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
মৃতের বড় ভাই মো. শাহিন সহকর্মীদের বরাত দিয়ে বলেন, ‘বাড্ডা আফতাবনগর বটতলা এইচ ব্লক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করছিল বায়জিদ। ওই ভবনের চতুর্থ তলায় সাটারিংয়ের কাঠ খোলার সময়ে নিচে পড়ে যায় সে। আহত অবস্থায় সহকর্মী শাহিনুরসহ কয়েকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎস পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘নির্মাণ কাজ করার সময় চতুর্থ তলা থেকে পড়ে যান বায়জিদ। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।’








