রাজধানীর খিলক্ষেতে পিকআপ ভ্যান উল্টে মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইসলাম উদ্দিন (৬০) নামে আরও একজন। বুধবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মঞ্জুরুল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাইতালি গ্রামের মৃত মোজাফফরের ছেলে। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। ইসলাম উদ্দিন মঞ্জুরুলের মামা।
হাসপাতালে নিয়ে আসা মৃতের চাচাতো ভাই কাজী রবিন জানান, তার ভাই মঞ্জুরুল কাপড় ব্যবসায়ী। নারায়ণগঞ্জ গাউছিয়া বানটি এলাকায় অপূর্ব ভাটিক হাউজ এবং গাজীপুর চৌরাস্তায় তাওফিকা বাটিক হাউজের মালিক মঞ্জুরুল। সকালে গাউছিয়া এলাকা থেকে ভাড়ায় চালিত একটি পিকআপ ভ্যানে কাপড় (থ্রি পিস) নিয়ে গাজীপুর চৌরাস্তায় তাদের একটি দোকানে যাচ্ছিলেন। পথে খিলক্ষেতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গেলে মঞ্জুরুল ও ইসলাম উদ্দিন রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে মঞ্জুরুলের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘ওই পিকআপ ভ্যানটিতে ড্রাইভারের পাশে ছিলাম আমি মঞ্জুরুলের শ্বশুর সাইফুল ইসলাম। তবে আমরা তেমন আহত হইনি।’
বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর আহত অবস্থায় দুই জনকে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ইসলাম উদ্দিন চিকিৎসাধীন।’







