রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় মমতা শিকদার নামে ইউনাইটেড হাসপাতালের এক কর্মচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শেখ জিহান আহমেদ নামে আরও একজন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে হসপিটালের রোস্টার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন কাস্টমার রিলেশন্স এক্সিকিউটিভ শেখ জিহান আহমেদ ও নার্সিং এইড মমতা শিকদার। গুলশানের ৫৫ নম্বর রোডে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে জিহানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন মমতা শিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিহান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।








