রাজধানীর ফার্মগেটে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. দিদার হোসেন (২৯) নামে এক এসি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। ওই সময় তিনি এসিটি মেরামত করছিলেন।
শনিবার (১ জুন) এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
দিদার নোয়াখালীর বাসিন্দা। বর্তমানে ফার্মগেট থাকেন।
দিদারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কুলটেক করপোরেশনের ম্যানেজার আবু নাঈম বলেন, ‘দিদার আমাদের প্রতিষ্ঠানে এসি মিস্ত্রি হিসেবে কাজ করে। সেখান থেকে একটি বাসায় পুরাতন এসি নিচে নামিয়ে মেরামত করছিল। হঠাৎ এসিটি বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে আনা হয়েছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত দিদার বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘তার অবস্থা গুরুতর। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’









