অনুমোদন ছাড়া রাস্তা খুঁড়ে নিজ বাসায় পানির সংযোগ নেওয়ায় মো. শহিদুল ইসলামকে ৭ দিন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএসসিসি’র অঞ্চল ৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কাজলার ভাঙা প্রেস এলাকার ঢাকা-ডেমরা রোড ও হাজী আব্দুস সামাদ রোডের সংযোগস্থলে ঢাকা দক্ষিণ সিটি নির্মিত রাস্তা খনন করে নিজ বাসায় পানির সংযোগ দেওয়ায় মো. শহিদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
এছাড়াও অঞ্চল ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় হাজারীবাগ এলাকায় বেসরকারি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান গোল্ডেন হিলস অ্যান্ড টেকনোলজি লিমিটেড কর্তৃক নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
অভিযান প্রসঙ্গে অঞ্চল ৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির বলেন, "কাজলার ভাঙা প্রেস এলাকায় জনৈক মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে করপোরেশনের সড়ক খনন করে নিজ বাসায় পানির সংযোগ দেন। এই অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮নং ধারা তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।"
এদিকে অভিযান প্রসঙ্গে অঞ্চল ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক বলেন, "আজকের অভিযানে হাজারীবাগ এলাকায় গোল্ডেন হিলস অ্যান্ড টেকনোলজি লিমিটেড নামের বেসরকারি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ভবনের ঠিকাদার ইমাম হোসেন নিজের দোষ স্বীকার করলে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু কিছুক্ষণ পর সংশ্লিষ্ট কোম্পানির এমডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে জরিমানা দিতে অস্বীকার করেন। এ সময় আদালত ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।"
এছাড়াও একই দিনে ডেঙ্গু প্রতিরোধে আরও ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৪০৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।








