রাজধানীর লালবাগের রসুলবাগের একটি বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শায়লা ইডেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী ছিলেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাঈদ ইবনে সিদ্দিক এ তথ্য জানান।
শায়লার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার ধানখালি গ্রামে। তার বাবার নাম আল আমিন শিকদার।
নিহতের বাবা আল আমিন জানান, তার মেয়ে কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিলেন। পরিবারের সঙ্গে ঠিকমতো কথা বলতেন না। বাসা থেকে বের হতেন না। অনেকদিন বাড়িতে থেকে ১২দিন আগে ঢাকায় এসেছিলেন।
ওসি বলেন, ‘শায়লা লালবাগের রসুলবাগ রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেটে থাকতেন। ২৭ আগস্ট (মঙ্গলবার) রাত ১১টার দিকে বাসায় ফেরেন তিনি। বুধবার সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার ওই বাসায় গিয়ে শায়লাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।’








