রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আসা শিক্ষার্থীদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে আহতদের শরীরে লাঠি ও ইটের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই।
ঢাকা কলেজের আহত শিক্ষার্থী বদিউজ্জামান বাদল বলেন, ‘আমাদের কলেজে মঙ্গলবার সকাল ১০টার দিকে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আসে। এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে সিনিয়ররা বিষয়টি মীমাংসা করলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মেনে নেয়নি। পরে তারা একত্রিত হয়ে সায়েন্সল্যাব মোড়ে এলাকাসহ কলেজের ভেতরে আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।’
এদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, ‘সকালে আমাদের কলেজের দুই শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে সোনালি ব্যাংকে টাকা জমা দিতে যায়। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুই জনকে মারপিট করে। পরে আমাদের কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মীমাংসার জন্য সিটি কলেজ এলাকা দিয়ে ঢাকা কলেজের দিকে যাচ্ছিল। সে সময় ওই কলেজের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে ১০-১৫ জন আহত হয়।’
এ প্রসঙ্গে ডিএমপির নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ‘বাগবিতণ্ডার জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এখন পরিস্থিতি শান্ত আছে।’
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার পর ওই দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আইডিয়াল কলেজের একটি সাইনবোর্ড খুলে নিয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন...









