ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী বলেছেন, নবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী অনুসরণ করে আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে তার প্রতিফলিত ঘটাতে হবে। আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মহ. শের আলী বলেন, ‘মহানবীকে (সা.) আল্লাহ এই পৃথিবীর জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। তার ওপর আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেন। এই কোরআনে পৃথিবীর সবার জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তাই আমাদের প্রিয় নবীর জীবনের প্রতিটি কর্মকাণ্ড অনুসরণ করতে হবে।’
জীবনের প্রতিটি স্তরে নবীর আদর্শ অনুসরণ করতে হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই একইসঙ্গে ন্যায় কাজ করেন আবার অন্যায় কাজও করেন। অনেকই নামাজ আদায় করেন আবার অন্যায় কর্মেও লিপ্ত থাকেন। কিন্তু আমাদের ধর্মে কারও ন্যায় কাজের আধিক্যের কারণে ন্যূনতম অন্যায় কাজ জাস্টিফাই করার অবকাশ নেই। মহানবীর জীবনাদর্শ ধারণ করে আমাদের শতভাগ ন্যায়ের পক্ষে থাকতে হবে।’
ডিএসসিরির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, কাউন্সিলর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।









