রাজধানীর মোহাম্মদপুরে নেসলে কোম্পানির গাড়ি থামিয়ে প্রকাশ্যে ১১ লাখ ৮৫ হাজার টাকা এবং ১৭ হাজার টাকার চেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য জানান।
নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রবিবার সকাল ৯টায় আমরা অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। মোহাম্মদপুর হাউজিং এলাকায় পৌঁছালে রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়ি কিছুটা ধীর গতিতে চলতে থাকে। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ছয় জন ছিনতাইকারী এসে আমাদের গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থাকা টাকা নিয়ে চলে যায়।’
তিনি বলেন, ‘ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা এবং ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে যায় ছিনতাইকারীরা।’
ওসি বলেন, ‘মোহাম্মদপুর হাউজিং এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে বলে আমরা শুনেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে এরইমধ্যে অপরাধীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’









