বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা রাজধানীর কাওরান বাজার এলাকায় এফডিসি ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় অবরোধ করেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের দাবি, তাদের পাঁচ মাসের বকেয়া বেতন, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। দাবি আদায় না হলে আগামীতে সারা দেশে অবরোধের ঘোষণা দেন তারা।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তারা রেলের কর্মচারী নন। তারা রেলওয়ের বিভিন্ন দফতরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত রযেছেন।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে।’
এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।







