রাজধানীর ডেমরা থানা এলাকার পশ্চিম হাজীনগর ও রসুলনগর থেকে জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ। শনিবার (১০ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— লাবনী বেগম (৩২) এবং রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)। অভিযানে তাদের কাছ থেকে মোট ৮ লাখ ২৫ হাজার টাকা সমমূল্যের জাল নোট এবং নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএমপির জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে— বৃহস্পতিবার (৮ মে) রাতে পুলিশের একটি মোবাইল টিম ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় এক নারী জাল নোটসহ অবস্থান করছে। এরপর শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালালে অপরাধীরা পালানোর চেষ্টা করলেও লাবনী নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেড় হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।
গ্রেফতার লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে রসুলনগর সারুলিয়ার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে রাজন শিকদারকে গ্রেফতার করে। তার ফ্ল্যাট তল্লাশি করে আরও ৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করে। পাশাপাশি উদ্ধার করা হয় জাল নোট বিক্রির ৫৯ হাজার টাকা নগদ অর্থ।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে উদ্ধার করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতার দুজন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে— তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।








