রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে হতাহত ও নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় বেপোরোয়া গতিতে যান চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।”
তিনি বলেন, “মামলার পর দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”
এর আগে, গত ১৮ মার্চ সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে সোহেল (২২) নামে এক যুবক প্রাণ হারান। একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবা। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ।
ঘটনার দিন বিকালে মিরাজ তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে একটি ট্রলারে করে মাঝ নদীতে থাকা লঞ্চে উঠতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ এবং ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারটি চাপা পড়ে।