রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে আসমা ভুঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
আসমা ভুঁইয়া দক্ষিণ খান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী।
নিহতের মেয়ে জামাই সাইফুল জানান, তার শশুর শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশে সকালে দক্ষিণ খান বাসা থেকে ট্রেনে চড়ে কমলাপুর আসেন। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ গিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার কথা ছিল তাদের। সেই উদ্দেশ্যে কমলাপুর থেকে আরেকটি ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন আসমা ভুঁইয়া। এ সময় অসাবধানতায় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়েন তিনি।
সাইফুল আরও বলেন, গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সকাল ৮টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।









