রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১১টার দিকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক উত্তরার আজমপুরে জড়ো হয়ে বিক্ষোভে নামেন। একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকা পড়ে গরমে অতিষ্ঠ হয়ে উঠে পরিবহন যাত্রীরা। গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও অন্যান্য পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় ।
শ্রমিকদের দাবি, তাদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ প্রশাসনের সহযোগিতা ও আশ্বাস পেয়ে এক ঘণ্টা পর সড়ক অবরোধ ছেড়ে কাজে চলে যান শ্রমিকরা। শ্রমিকদের অবরোধ শেষে বিমানবন্দর মহাসড়ক যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভে নামেন। পরে আমরা তাদের বোঝালে তারা সড়ক ছেড়ে চলে যান।