ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করে ডিএনসিসি।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ।
প্রতিযোগিতাটি পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়। প্রথম পাঁচটি নৌকার মধ্যে প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুটি নৌকা এবং পরবর্তী পাঁচটি নৌকার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আরও দুটি নৌকা বাছাই করা হয়। দুই পর্বের মোট চারটি বিজয়ী নৌকার প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৩০০ ফিটে পাঁচ হাজারের বেশি দৌড়বিদ নিয়ে ম্যারাথন আয়োজন করা হয়েছে। এবার গ্রামবাংলার ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যে হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটিতে পাঁচ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত নয় মাসে ইতোমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। নগরকে আরও সবুজ করতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কে কোনও বর্জ্য বা ময়লা থাকতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তবে কিছুদিন পর এসব ডাস্টবিন উধাও হয়ে যাওয়ার ঘটনা দেখা যাচ্ছে। ডাস্টবিনগুলো রক্ষায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের সহযোগিতা চান তিনি।