আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলোর পানি কিছু স্থানে বিপদসীমার ওপর প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমার পানি বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি হ্রাস পেয়েছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলোর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা উদ্ভুত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভুগাই, কংস ও সোমেশ্বরী নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এবং সারিগোয়াইন, যাদুকাটা নদী সিলেট ও সুনামগঞ্জের কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা উদ্ভুত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে; যা আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রংপুর এবং রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে, অপরদিকে করতোয়া ও ছোট যমুনা নদীর পানি হ্রাস পেয়েছে; যা আগামীকালও বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদী নওগাঁ ও নাটোরের কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে হালদা নদীর পানি হ্রাস পেয়েছে ও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। ওই নদীগুলোর পানি আগামী একদিন বৃদ্ধি ও পরবর্তী দুদিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।









