শিশু সন্তানকে আনতে গিয়ে খুন হলেন শিরিন

এস এম নূরুজ্জামান
০৪ মে ২০১৭, ২১:০৭আপডেট : ০৪ মে ২০১৭, ২১:১৭

 

শিরিন আক্তার তিন বছরের শিশু সন্তান দোয়াত ছাড়া কিছুই বুঝতেন না শিরিন আক্তার (২৫)। যৌতুক ও নির্যাতনের কারণে স্বামীর সঙ্গে দ্বন্দ্বের পরও সন্তানকে বুকে আগলে রাখতেন তিনি। কিন্তু স্বামী ইব্রাহিম হোসেন ওরফে পাখি নানা অজুহাতে শিশু সন্তানকে নিয়ে যেতো শিরিনের কাছ থেকে। কয়েক দফা ফিরিয়ে আনার পর আবারও কিছুদিন আগে শিশু সন্তানকে নিয়ে যায় পাখি। বার বার আকুতি জানানোর পরও শিশু সন্তানকে ফিরিয়ে দেওয়ার কথা বলে শিরিনকে মুন্সীগঞ্জের শ্বশুরবাড়িতে যেতে বলেন ইব্রাহিম। এরপর গত ২ মে বাবা সিরাজ হাওলাদারকে সঙ্গে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ থেকে শ্বশুরবাড়িতে যান শিরিন। বাবাকে বাড়ির এক পাশে বসিয়ে শিরিন বাড়ির ভেতরে গেলে পূর্ব পরিকল্পিতভাবে শিরিনকে ইব্রাহিম এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। মেয়ের চিৎকার শুনে বাবা সিরাজ হাওলাদার দৌড়ে গিয়ে দেখেন মেয়েকে নির্মমভাবে কুপিয়ে ফেলে রেখে সবাই পালিয়ে গেছে। পরে গুরুতর অবস্থায় সেখান থেকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১০টায় ঢামেকে শিরিন মারা যান। শিরিনের চাচা আনিস হাওলাদার ও লাশের সুরতহাল প্রস্তুতকারী এস আই বদরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

নিহত শিরিনের স্বজনরা জানান, যৌতুকের কারণে নির্যাতন ও তিন বছরের শিশু সন্তানকে নিয়ে যাওয়া নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই শিরিন ও তার স্বামী ইব্রাহিমের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এসব কারণে গত ৯ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি জিডি (নং-৭০৫) করেছিলেন শিরিন। জিড়ির তদন্ত করছিলেন থানার এসআই শিমুল। এই জিডির পর ইব্রাহিম ও তার পরিবারের লোকজন ক্ষুব্দ হয়ে ওঠে শিরিনের ওপর। এরপর থেকেই শিশু সন্তান দোয়াতকে নিজেদের কাছে রেখে তা গোপন করে।  তিন দিন আগে দোয়াত তাদের কাছে আছে জানিয়ে শিরিনের কাছে খবর পাঠায় ইব্রাহিম। মন চাইলে তাকে নিয়ে আসতে পারে। এমন খবরে বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি যান শিরিন। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিরিনকে কুপিয়ে তারা পালিয়ে যায়।

ইব্রাহিম হোসেন ওরফে পাখি

এর আগে শিরিনের মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে গিয়ে রাজধানীর মীরহাজিরবাগের পার গেন্ডারিয়া এলাকায় ইব্রাহিমের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইলফোনে যোগাযোগের সূত্র ধরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে তাদের মধ্যে। প্রথমে তারা পালিয়ে বিয়ে করলেও ২০১০ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে মেনে নেওয়া হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে শিশুসন্তান দোয়াত। এরপরই ধীরে ধীরে বদলে যেতে থাকে ইব্রাহিম বেপারী ওরফে ইব্রাহিম হোসেন পাখি। নানা কায়দায় যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে শিরিনকে। টাকা না পেলে কখনও কখনও  শিশু দোয়াতকে নিজের কাছে রেখে স্ত্রীকে জোর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিতো ইব্রাহিম।

শিরিনের চাচা আনিস হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজেই সাত-আট মাস আগে ওই সন্তানকে আনার জন্য গিয়েছিলাম। শিশুটিকে এনে তার মায়ের কাছে দিয়েছিলাম। কিছুদিন পর ইব্রাহিম শিশুটিকে নিয়ে যায়। ইব্রাহিমের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ব্যাজগাঁও গ্রামে। তার বাবার নাম হাসেম আলী ব্যাপারী। বিয়ের আগে ইব্রাহিম মোবাইল মোরামত ও কাপড় ইস্ত্রি করলেও বিয়ের পর ভ্যান চালাতো।

শিরিন আক্তারের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বাবা-মা ও পরিবারের সদস্যরা ঢাকার মীর হাজীরবাগে ভাড়া থাকেন। শিরিনের বাবার নাম সিরাজ হাওলাদার।   

সুরতহাল রিপোর্টে যা আছে

আজ দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিরিনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। শাহবাগ থানা পুলিশের এসআই বদরুল হাসান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, মাথার পেছনে ডানপাশে কালো ফুলা জখম পাওয়া গেছে। উভয় চোখ বন্ধ কালো ফুলা জখম, নাকে কালো জখম। রক্ত বেরিয়েছে  নাক  ও মুখ দিয়ে। ডান কাঁধের বিভিন্ন স্থানে কালো ফুলা জখম। বাম হাতের কনুইয়ের ওপর দেড় ইঞ্চি কাটা জখম। বুকের নিচ হইতে নাভির নিচ পর্যন্ত গভীর কাটা রক্তাক্ত জখম, যা লম্বায় অনুমান ১২ ইঞ্চি। পেটের বাম পাশে চারটি সেলাই, পেটের বামপাশের তলপেটে একটি সেলাই ও  পিঠের বামপাশে আটটি সেলাই। পেটের ডানপাশে গভীর ক্ষত জখম, যে কারণে ভুড়ি ও রক্ত বেরিয়েছে। গায়ের রং কালো। পরনের বিভিন্ন রংয়ের ছাপার সেলোয়ার ও কামিজ যা আলামত হিসাবে সংরক্ষণ করা হয়েছে।

এস আই বদরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিরিনকে হত্যার উদ্দেশ্যেই ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের দেওয়া রিপোর্ট অনুযায়ী হত্যাকাণ্ডের আলামত স্পষ্ট। এখন মামলা হওয়ার পর আসামিদের গ্রেফতারের পরই শিরিন হত্যার কারণ জানা যাবে।’

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান