রাজধানীর মতিঝিলে বাসে ওঠার সময় চাকার নিচে পড়ে গিয়ে প্রাণ হারালেন মো. নাসিম (৬৯) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক। বুধবার (২৭ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে মতিঝিলের বকচত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মো.নাসিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফারুক হোসেন নামের এক ব্যক্তি। তিনি জানান,বকচত্বরের সামনে ৬ নম্বর বাসে উঠার সময় পা ফসকে নিচে পড়ে যান মো.নাসিম। এতে তার শরীরের একাংশ বাসের নিচে ঢুকে গেলে চাকা ওপর দিয়ে উঠে যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। নিহত নাসিম রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে যান। ১৩৩, গোপীবাগ ৪র্থ লেনে তার বাসা।







