‘শিরোনামের সূত্র ধরে বলতে চাই, এখনও আমরা গণমাধ্যমের কাণ্ডারি পুরোপুরি হয়ে ওঠতে পারিনি। তবে কাণ্ডারি না হতে পারলেও হাড়, মাস্তুল অবশ্যই নারী।’ বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে একাত্তর টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তবে এটাও তো সত্য, টেলিভিশন সাংবাদিকতা এখন একটি ফেনোমেনা ফলে নারীরা তার যোগ্যতা দিয়ে সেখানে বেশ খানিকটা জায়গা করে নিয়েছে। টেলিভিশন সাংবাদিকতায় নারীদের এখন আগের তুলনায় অনেক কাজ করতে দেখা যায়। তবে শুরুর দিক থেকে নারীদের দৃশ্যমান কম দেখা গেলেও এখন একটু বেশি।’
আবার দৃশ্যমান নয় এমন অনেকেই গণমাধ্যমের পেছনের দিকে আড়ালে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেমন, ডেস্কে কাজ করছেন, ভিডিওগ্রাফিতে কাজ করছেন, এডিটর হিসেবে কাজ করছেন। সুতরাং এটা খুবই নিশ্চিত কাণ্ডারি না হতে পারলেও হাল, মাস্তুল, পাল তো বটেই।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিচ্ছেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।
ছবি: নাসিরুল ইসলাম







