খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৩:৪১আপডেট : ১৫ মে ২০১৮, ১৭:৪০

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার (১৬ মে) তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৫ মে) উভয়পক্ষের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার তারিখ নির্ধারণের আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে ‍শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় দুর্নীতি দমন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে সকালে খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় ঘোষণার জন্য বিচারপতিরা সকাল ৯টা ৩০ মিনিটে এজলাসে প্রবেশ করেন। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘মামলাটি আগামীকাল (বুধবার, ১৬ মে) শুনানির জন্য রাখা হোক। এ বিষয়ে আবারও শুনানি করতে চাই। ওইদিন (গত ৯ মে) হইচই, হট্টগোলের কারণে শুনানি করতে পারিনি।’

তখন আপিল বিভাগ বলেন, ‘এখনই করুন। আমরা রায়ের তারিখ ঠিক করেছি। এখন আর (পুনরায় শুনানির জন্য সময় মঞ্জুর) হয় না।’ জবাবে মাহবুবে আলম বলেন, ‘শুনানির জন্য আমার প্রস্তুতি প্রয়োজন। আপনারা বহু মামলা এভাবে (রায়ের মুহূর্তে শুনানির আবেদন মঞ্জুর) করেছেন।’

আপিল বিভাগ বলেন, ‘তা হয় কীভাবে?’ জবাবে মাহবুবে আলম বলেন, ‘রায়ের পূর্বের মুহূর্তে এমন শুনানির অনেক উদাহরণই তো রয়েছে। আগামীকাল (বুধবার) এ অবস্থাতেই থাকুক।’

এরপর আপিল বিভাগের বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের এক ব্রাদার ভেরি সিক (আপিল বিভাগের এক বিচারপতি খুব অসুস্থ)। আগামীকাল (বুধবার) তিনি আসতে পারবেন না। আপনি এ মামলার নথিপত্র নিয়ে (আজ) ১১টা ৩০ মিনিটে আসুন।’

তবে এরপরও মাহবুবে আলম শুনানির জন্য ১২টায় সময় নির্ধারণের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

এর ফলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর পুনরায় দুপুরে শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ৮ ও ৯ মে দুদিন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার (১৫ মে) দিন নির্ধারণ করেছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ১২ মার্চ দুদকের আবেদনের শুনানি নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে গত ১৯ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। একইসঙ্গে এই আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আদালত। আর আপিল আবেদনের সারসংক্ষেপ পরবর্তী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে দুদককে নির্দেশ দেন। এছাড়া ৮ মে ওই আপিল আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশে দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের