এসএম হলে অবরুদ্ধ ডাকসু ভিপি নুর, দুই ঘণ্টা পর উদ্ধার

ঢাবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১৮:০৭আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:৩৯

এস এম হলে অবরুদ্ধ ডাকসু ভিপি নুরুল হক নুর



ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করা ও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে হল সংসদ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানাতে মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে সঙ্গীদের নিয়ে ভিপি নুর এসএম হলে প্রবেশ করলে এসব ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাতটার দিকে প্রাধ্যক্ষের উপস্থিতিতে হল থেকে বের হন নুর।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এসএম হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে সোমবার (১ এপ্রিল) রাতে মারধর করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। এই ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার (২ এপ্রিল) বিকাল ৪টায় টিএসসির রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নুর। মানববন্ধন শেষে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই ঘটনার অভিযোগ জানাতে এসএম হলে প্রবেশ করেন তিনি। তখন নুরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। 

তবে নুর ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, নুর এসএম হলে প্রবেশ করার পরপরই হল শাখা ছাত্রলীগ সভাপতি তাহসান হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের নেতৃত্বে তাদের অবরুদ্ধ করা হয়। এসময় হল সংসদের অনুমতি না নিয়ে হলে প্রবেশ করায় নুরকে গালিগালাজ করেন হল সংসদের ভিপি কামাল হোসেন এবং জিএস জুলিয়াস সিজার। এক পর্যায়ে নুরকে ধাক্কা দেন কামাল। এছাড়াও ছাত্রলীগ কর্মীরা নুরের সঙ্গে থাকা একজনকে মারধর করেছে বলেও অভিযোগ তাদের।

তবে অভিযোগের ব্যাপারে এসএম হলের ভিপি কামাল বলেন, ‘এসব মিথ্যা অভিযোগ। মাদক ব্যবসায়ীকে বাঁচানোর জন্য তিনি (নুর) হলে এলে সাধারণ শিক্ষার্থীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ডিম নিক্ষেপ করেছে।’

এর আগে হল সংসদের নেতারা নুরের কাছে হলে প্রবেশের কারণ জানতে চাইলে নুর বলেন, ‘অভিযোগ নিয়ে হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলতে এসেছি।’

বেলা সোয়া ছয়টার দিকে হল প্রাধ্যাক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সাতটার দিকে নুর ও তার সঙ্গীদের নিয়ে হল থেকে বের হন তিনি। 

প্রসঙ্গত, সোমবার রাতে হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে হল সংসদের ভিপি-জিএসসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। মারধরের ঘটনায় ফরিদের মাথা ফেটে যায়। আহত ফরিদ উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি এসএম হলের আবাসিক শিক্ষার্থী ও ১৫৯ নম্বর কক্ষে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে তিনি চিকিৎসা নিয়েছেন।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার সময় ছাত্রলীগ ও হল সংসদের নেতারা হলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় তারা ছাত্রশিবির ও মাদকসেবীদের হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই বৈঠকেই তারা ফরিদকে ‘মাদকসেবী’ হিসেবে চিহ্নিত করে তাকে মারধর দিয়ে হল থেকে বের করে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে মারধরের শিকার ফরিদের অভিযোগ, হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এই ক্ষোভেই তাকে লাঠি ও রড দিয়ে মারধর করেছেন ওই পদে বিজয়ী ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। এসময় ‘তুই এখনও হলে আছিস কেন?’ এমন প্রশ্নও তোলে ছাত্রলীগ নেতারা।

অভিযোগের বিষয়ে এস এম হল সংসদের জিএস জুলিয়াস সিজার তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,' আমাদের হল সংসদের সিদ্ধান্ত হচ্ছে কোনও মাদকসেবী হলে থাকতে পারবে না ৷ ফরিদের বিরুদ্ধে এর আগেও ইয়াবা সেবনের অভিযোগ ছিল ৷ তাই কোনও ধরনের মাদকসেবনকারীকে হলে না রাখার সিদ্ধান্ত আমাদের ৷ সে হল থেকে চলে যাওয়ার সময় উৎসুক শিক্ষার্থীরা তাকে মারধর করেছে ৷ এতে আমাদের কোনও সম্পৃক্ততা নেই ৷’ 

 উল্লেখ্য, ১১ মার্চ ডাকসু নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচন নিয়ে নানা অভিযোগ রয়েছে। নির্বাচনে এস এম হলসহ প্রায় সবগুলো এবং কেন্দ্রীয় সংসদের (ডাকসু) ২৫টি পদের ২৩টিতেই বিজয়ী হয় ছাত্রলীগ।

 

/এএইচ/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম