রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। মোট ১৭৫টি কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে একটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। শহরের কেরামতিয়া কেন্দ্রের মোট ৩৬৪১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮৫ জন। এরমধ্যে ৩১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন মহাজোট থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।
শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসরকারি এই ফলাফল ঘোষণা করা হয়।
জানানো হয়, কেরামতিয়া কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১০৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির প্রার্থী রিটা রহমান ও মোটরগাড়ি প্রতীকে ৬১ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার)।
মোট ছয়জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিলেও বাকি তিন প্রার্থী এই কেন্দ্রে কোনও ভোট পাননি।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে অংশ নিয়েছেন ছয়জন প্রার্থী। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ইভিএমের মাধ্যমে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ, বিএনপির প্রার্থী রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার), গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও এনপিপি’র শফিউল আলম।
আরও খবর: ভোটার খুঁজতে খুঁজতেই শেষ রংপুরের ভোট







