জামালপুর পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছে জেলা বিএনপি। দলীয় নেতাকর্মীদের হয়রানি ও সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দলটি এ দাবি করেছে।
শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন একটি লিখিত বক্তব্য পড়ে শোনায়। তাদের অভিযোগ, সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর কর্মীদের নির্বাচনি কাজে বাধা প্রদান, পোস্টার ছিড়ে ফেলা, নির্বাচনি ক্যাম্প স্থাপনে বাধা ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। সরকার দলের ক্যাডার বাহিনী মোটরসাইকেল বহর নিয়ে মোড়ে মোড়ে গিয়ে হুমকি দিচ্ছে। মামলা ছাড়াই দলীয় কর্মীদের ওপর পুলিশি হয়রানি চলছে।
এছাড়া আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রতিমন্ত্রী জামালপুরে অবস্থান করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করছেন তারা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান, আমজাদহোসেন, শহিদুল হক খান দুলাল, শফিউর রহমান শফি, মাইনুদ্দিন বাবুল,জেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসটি/







