সম্মেলনের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি আ.লীগের

এমরান হোসাইন শেখ
২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৪

আওয়ামী লীগ দলের সম্মেলনের মধ্য দিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্মেলন থেকে পরবর্তী নির্বাচনের সাংগঠনিক কর্মপরিকল্পনা ও নির্দেশনা আসতে পারে। পাশাপাশি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তৃণমূলকে প্রচার-প্রচারণা শুরুসহ নির্বাচনের প্রস্তুতি দেওয়ার নির্দেশনা দিতে পারেন। অবশ্য ইতোমধ্যে এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি দলীয় সংসদ সদস্যকে এ নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের সম্মেলন উপ-কমিটির একাধিক দায়িত্বশীল ব্যক্তি ও দলের নীতি-নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের অন্যতম প্রাচীন ও মুক্তিযু্দ্ধের নেতৃত্বাদানকারী আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দলের আসন্ন জাতীয় সম্মেলনকে তারা পরবর্তী জাতীয় নির্বাচনের মহড়া হিসেবে দেখছেন। এ জন্য সম্মেলনটি তারা জাকজমকপূর্ণভাবে করার উদ্যোগ নিয়েছেন। সম্মেলনের ঘোষণাপত্রও নির্বাচনকে বিচেনায় নিয়ে পেশ করা হবে। সম্মেলনের মধ্য দিয়ে দলকেও ঢেলে সাজিয়ে আরও শক্তিশালী ও সক্রিয় করা হবে। যেন করে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এ সম্মেলনকে কেন্দ্র করে দলের ব্যাপক রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সম্মেলনের মধ্য দিয়ে দেশে একটি রাজনৈতিক সাড়া ফেলতে চায় আওয়ামী লীগ।

সম্মেলনে সারা দেশ থেকে কাউন্সিলর ও ডেলিগেটসের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমাবেশ ঘটিয়ে একটি বড় ধরনের শোডাউনের পরিকল্পনা রয়েছে। এ সম্মেলন থেকে উজ্জীবিত হয়ে দলের নেতাকর্মীরা নতুন উদ্যমে সারা দেশে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে নিয়োজিত হবে। যেটা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে আগে থেকেই প্রস্তুত রাখতে সহায়ক হবে।

এর আগে গত জুলাইয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী দলের এমপিদের নিজ-নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই বৈঠকে তিনি বলেন, সরকারের মেয়াদ আড়াই বছর পেরিয়ে গেছে। সংবিধান অনুসারে আগামী জাতীয় নির্বাচন পরবর্তী দুই বছর তিন মাস পর অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এছাড়া বৈঠকে তিনি এলাকার জনগণের সঙ্গে মেলামেশার পাশাপাশি সরকারের উন্নয়নের প্রচার, চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে উঠানবৈঠক, বিরোধী পক্ষের কেউ যেন মাঠ দখল করতে না পারে এবং এলাকায় কী ধরনের উন্নয়ন দরকার, তার নোট নেওয়াসহ এমপিদের বেশ কিছু নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যারা দলের সংসদ সদস্য রয়েছি, দলীয় সভাপতি শেখ হাসিনা তাদের ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই অনুযায়ী কার্যক্রম শুরু করে দিয়েছি।’

সম্মেলন থেকে নির্বাচনের প্রস্তুতির আহ্বান আসতে পারে কিনা—জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলন হচ্ছে দলের সাংগঠনিক কার্যক্রমের একটি অংশ। এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তবে, দল হিসেবে আমরা যেহেতু নির্বাচনে অংশ নেই, আর সামনে নির্বাচন আছে, সেহেতু নির্বাচন নিয়ে কথা আসতেই ‍পারে।’

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ইতোমধ্যে জানিয়েছেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

সভাপতিমণ্ডলীর অন্য সদস্য কাজী জাফরউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের সঙ্গে সম্মেলনের তেমন কোনও সম্পর্ক নেই। সম্মেলনের মাধ্যমে দলীয় কার্যক্রম বেগমান হয়। এর মাধ্যমে তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় করি। নতুন নেতৃত্ব গঠন করি। তবে, এই সম্মেলনের পর আগামী নির্বাচনের পূর্বে নতুন কোনও সম্মেলন হওয়ার সম্ভাবনা নেই। এজন্য হয়তো নির্বাচনি আমেজ এতে আসবে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের যে ঘোষণাপত্র পেশ হবে, সেটাকে ধরেই আমরা নির্বাচনের আগে ইশতেহার তৈরি করব। সেক্ষেত্রে বলতে পারেন নির্বাচনের মেজাজ চলে আসবে।’ তিনি বলেন, ‘সম্মেলনে তৃণমুলের নেতারা কথা বলবেন। নেত্রীরও তো একটা ভার্সন থাকবে। সেখানে রাজনৈতিক কথাবার্তা আসবে। আর নির্বাচন যেহেতু রাজনীতিরই অংশ কাজেই নির্বাচনের কথা স্বাভাবিকভাবেই এখানে চলে আসবে। তবে সম্মেলন থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশ আসবে কিনা—সেটা এখনই বলা সম্ভব নয়।’

 আরও পড়ুন: আগুন সন্ত্রাসের আসামি খালেদা জিয়ারও বিচার হবে: প্রধানমন্ত্রী

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের