‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা’ এবং ‘স্বৈরাচারী দুঃশাসন ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ রুখে দাঁড়াবার আহ্বান’ জানিয়ে আগামী ৪ ও ৫ নভেম্বর একটি রাজনৈতিক দল হিসেবে নতুন যাত্রায় গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের আয়োজন করেছে।
তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই সাংগঠনিক সম্মেলনে দলের নাম, ঘোষণা, কর্মসূচি, গঠনতন্ত্র, দলীয় প্রতীক ও পতাকা চূড়ান্ত করা হবে এবং দলের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে। ৪ নভেম্বর (শুক্রবার) এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০.৩০ মিনিটে।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট আবদুস সালাম।
বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আহমেদ কামাল, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বিশিষ্ট শ্রমিক নেতা শাহ্ আতিউল ইসলাম, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখ্তার হোসাইন।
৪ নভেম্বর বিকাল ৩টায় সম্মেলনের সাংগঠনিক অধিবেশন শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এই অধিবেশন বিরতিসহ চলবে ৫ নভেম্বর রাত ৮টা পর্যন্ত। বিভিন্ন শাখা থেকে আগত সম্মানিত প্রতিনিধি ও পর্যবেক্ষকবৃন্দ এই অধিবেশনে অংশগ্রহণ করবেন। প্রতিনিধিদের রায়ের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় সম্মেলনের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও অন্যতম কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম সম্মেলন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সম্মেলনের সংবাদ জনগণকে জানাবার জন্য তারা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এসটিএস/ এপিএইচ/







