নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আলোচনা শুরু হচ্ছে আগামীকাল রবিবার (১৮ ডিসেম্বর) থেকে। প্রথম দিনই রাষ্ট্রপতি আলোচনায় বসবেন বিএনপির সঙ্গে।
রবিবার বিকাল ৪টায় এ বৈঠক শুরু হবে বঙ্গভবনে। এর আগে বিকাল ৩টায় সংলাপে অংশ নেওয়ার উদ্দেশে গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিনিধি দলের বাকি সদস্যরা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা হবেন।
মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়।
১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত ১৯ নভেম্বর নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন।
/এসটিএস/এসটি/







