যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এ সংবর্ধনা দেওয়া হবে। মঙ্গলবার (০৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান। এক্ষেত্রে যানজটে জনসাধারণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় তিনি একথা বলেন। ৭ অক্টোবর জাতিসংঘের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে আসা উপলক্ষে গণসংবর্ধনা সফল করতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে এ যৌথসভার আয়োজন করা হয়।
সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাহসের পরিচয় দিয়েছেন, তাই তিনি দুনিয়ায় বিপন্ন মানবতার বাতিঘরে পরিণত হয়েছেন। তাই জনগণের যে আকুতি নেত্রী দেশে ফিরে এলে দেশবাসীর পক্ষে বিশিষ্ট নাগরিকরা তাকে সংবর্ধনা দিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। চলার পথে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে যানজটে বিঘ্ন না ঘটিয়ে সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানাবে।’
যৌথসভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আফজাল হোসেন, শাম্মী আহমেদ, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, আব্দুস সবুর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।







