জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১ মার্চ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সরকার নিজ দলের লোকদের পকেট ভরতে আবারও গ্যাস ও তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’ সরকারকে গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ প্রক্রিয়া হচ্ছে গরিব মানুষকে পথে বসানোর চক্রান্ত। কারণ, আবারও গ্যাস ও তেলের দাম বাড়লে এর প্রভাব পড়বে সবকিছুর ওপর। দাম বাড়বে সব নিত্যপণ্যের।’
বিএনপির এই নেতা বলেন, ‘‘খালেদা জিয়া এসব গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করেন বলেই তাকে মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ছিল। সরকার হটাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনাদের হটাতে ষড়যন্ত্র হবে কেন? আপনারা কোন বৈধতায় ক্ষমতায় থাকবেন? দেশের মানুষ তো আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি। কেউই আওয়ামী লীগকে হটাতে ষড়যন্ত্র করছে না। আওয়ামী লীগই ষড়যন্ত্রের হেডমাস্টার।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আজিজ উলফাত, সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। ওই রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন।








