কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা জানান।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনকারী এসব চাকরি প্রার্থী ও ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিক। তাদের শান্তিপূর্ণ এ আন্দোলনে বিনা উস্কানিতে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। পুলিশের এ হামলার সঙ্গে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা যোগ দিয়ে শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত রণক্ষেত্র পরিণত করেছে। এ হামলায় যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আন্দোলনকারীদের মধ্য থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। যেকোনও ব্যক্তি বা সংগঠন সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের বঞ্চিত মনে করলে প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার। বিএনপির ভিশন ২০৩০-এ বলা হয়েছে, মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠীর কোটা সংস্কার ব্যতিরেকে বাকি কোটা পদ্ধতি বাতিল করা হবে।







