আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আশা করি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন আসবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের পরিবর্তন আনার জন্য মাঠে নামবো। মাঠে নেমে দেখাবো মাহমুদুর রহমানের রক্ত বৃথা যাবে না এবং খালেদা জিয়াকে মুক্ত করবো। মাহমুদুর রহমানের রক্ত এদেশের সাংবাদিকরা বৃথা যেতে দিবে না এটা আমার বিশ্বাস। এর বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে।’
মঙ্গলবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মাহমুদুর রহমান শুধু সাহসী সাংবাদিক নন, তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক। তিনি সম্পাদক হিসেবে সাহসের সঙ্গে যেই দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের খুব কম মানুষই আছেন যিনি এমন দায়িত্ব পালন করেছেন। আজকে মাহমুদুর রহমানের ওপর যে আক্রমণ হয়েছে, তাতে জাতি স্তম্ভিত। কারণ, এটা সারা জাতির জন্য কলঙ্ক। এভাবে একজন সাংবাদিকের ওপর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, আদালত প্রাঙ্গণে প্রশাসনের সামনে প্রহার করার ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আইনে বিশ্বাসী বলেই তিনি একটি সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে যেভাবে সরকারি দলের অঙ্গসংগঠনগুলো আক্রমণ করেছে, সারা জাতি সেটা দেখেছে।
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে মওদুদ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন চরম পর্যায়ে পৌঁছেছে, প্রশাসন কোনও ব্যবস্থা নিতে পারছে না। সুতরাং আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তাদের দায়িত্ব পালন করার আর কোনও নৈতিক অধিকার নেই।’
তিনি বলেন, ‘এখন সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই এটা আপনার সবাই জানেন। সরকার সংবাদমাধ্যমকে একটি নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন, যাতে তাদের বিরুদ্ধে যারা লেখে বা রিপোর্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। এটা একটি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার।








