আগামী বছর থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালনের দাবি করে আসছে যুবলীগ। আমি দলের জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা দিচ্ছি, আগামী বছর থেকে প্রধানমন্ত্রী জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করা হবে।’
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিলের বাফুফে মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দোয়া মাহফিল, রক্তদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তির টার্গেট এখন আওয়ামী লীগ নয়। এখন তাদের টার্গেট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দুবাই, লন্ডন, ব্যাংক বৈঠক করছে, ষড়যন্ত্র করছে। তাদের হুঁশিয়ার করে দিতে চাই, তারা যেন ভুলে না যায় যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আর আজকের ২০১৮ সাল এক নয়। ২০০৪ সালের ২১ আগস্ট আর ২০১৮ সাল এক নয়। বাংলার ১৬ কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শেখ হাসিনা। শেখ হাসিনার কিছু হলে সারাদেশে ঘরে ঘরে আগুন জ্বলবে। সেই আগুনে ষড়যন্ত্রকারীরা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে।’








