ঐক্যফ্রন্টকে ওবায়দুল কাদেরের ফোন, সংলাপ হতে পারে গণভবনে

সালমান তারেক শাকিল
২৯ অক্টোবর ২০১৮, ২০:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২২:৩৩



ঐক্যফ্রন্টকে ওবায়দুল কাদেরের ফোন, সংলাপ হতে পারে গণভবনে

জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৯ অক্টোবর) রাত ৮টার পর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে তিনি ফোন করেন। সোমবার রাত ৮ টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফা মহসিন মন্টু নিজেই।

সংলাপের আহ্বান জানিয়ে ফ্রন্টের কতজন সদস্য সংলাপে অংশ নেবেন, সে বিষয়ে টেলিফোনে জানতে চান ওবায়দুল কাদের। জবাবে মোস্তফা মহিসন মন্টু জানান, ফ্রন্টের ১৫-২০ জনের একটি প্রতিনিধি দল অংশ নেবে সংলাপে।
মোস্তফা মহসিন মন্টুকে ওবায়দুল কাদেরের ফোনের বিষয়টি নিশ্চিত করে  নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন শেষে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে যান। সন্ধ্যায় সেখান থেকেই তিনি ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মোহসিন মন্টুকে ফোন করেন। সংলাপ হতে পারে গণভবনে।’ কোন দিন সংলাপ হবে, দিনক্ষণ তিনি জানাতে পারেননি। 
জানতে চাইলে মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের তালিকা মঙ্গলবার বিকালের মধ্যে পাঠানো হবে।’ তিনি বলেন, ‘১৫ জন প্রতিনিধির নাম থাকতে পারে তালিকায়, তবে এর আগে ফ্রন্ট আবারও জরুরি বৈঠক করে নামগুলো চূড়ান্ত করবে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সংলাপে বিষয় হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফাই প্রাধান্য পাবে। এই বিষয়গুলো তার কীভাবে দেখেন, আমরা কীভাবে দেখি, তা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হবে।’

এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপির তিন সদস্য, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ থাকতে পারেন। এক্ষেত্রে অন্য কোনও নেতার না থাকার সম্ভাবনাই বেশি।’

এছাড়া, প্রতিনিধি দলে ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন, ডা. জাহেদ উর রহমান, তানিয়া রব, শহিদুল্লাহ কায়সারের থাকার সম্ভাবনা আছে।
এরআগে, সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।’ এ সময় সংলাপের দিন, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের একটি সূত্র জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল মঙ্গলবার আবার ওবায়দুল কাদের ফ্রন্টের দায়িত্বশীল নেতাকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেবেন।

ঐক্যফ্রন্টের সূত্রগুলো বলছে, মঙ্গলবার ফোন করে ওবায়দুল কাদের জানাবেন সংলাপের দিনক্ষণ। তবে আজ ফোনালাপে স্বল্প পরিসরে আলাপ হয়েছে, সংলাপের সম্ভাব্য স্থান হতে পারে গণভবনে ও ফ্রন্টের আমন্ত্রিত নেতাদের রাতের আপ্যায়ন করা হতে পারে।

এই প্রসঙ্গে মোস্তফা মহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবে সংলাপ হবে, কোথায় হবে, তা মঙ্গলবার জানাবেন ওবায়দুল কাদের। এর বেশি কিছু বলতে পারবো না।’

এদিকে,  রবিবার (২৮ অক্টোবর) সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শেখ হাসিনাকে লেখা চিঠিতে ড. কামাল হোসেন এবং ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি, নাগরিক ঐক্য এবং কয়েকজন বিশিষ্টজনদের সমন্বয়ে ফ্রন্ট গঠিত হয়। এরই মধ্যে সাতদফা দাবি বাস্তবায়নে সিলেটে গত ২৪ অক্টোবর এবং ২৮ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম