দ্বিতীয়বারের মতো সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিবে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার (৪ নভেম্বর) সকালে এই চিঠি দেওয়া হবে। শনিবার (৩ নভেম্বর) রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপির মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
এই মির্জা ফখরুল বলেন, ‘১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হয়েছে। সেখান একটি আলোচনা হয়েছিল যে, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে স্বল্প পরিসরে আরও আলোচনা হতে পারে। সেই আলোচনার আলোকেই ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে সংলাপের জন্য আগামীকাল সকালে প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেওয়া হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন আলোচনা অব্যাহত থাকবে এবং স্বল্প পরিসরে আলোচনা হতে পারে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা না করা হয়, সেজন্য আজ একটি চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। সে বিষয়টিও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ থাকবে।’ চলমান সংকট নিরসনে আবারও সংলাপে বসা হবে বলে জানান তিনি।








