নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নিলেন জাসদ (আম্বিয়া)-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও মাঈনুদ্দিন খান বাদল। এছাড়া চিঠি নিয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও দলটির সদস্য আনোয়ার খান। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে নজিবুল বশর মাইজভান্ডারী ও আনোয়ার খানের পক্ষে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী বলেন, ‘১৪ দলের শরিক হিসেবে তরিকত ফেডারেশন দুটি আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র পেয়েছে। চট্টগ্রাম ২-এ আমার বাবা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও লক্ষ্মীপুর-১ আসনে তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। ’
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকে ফোনে ডাক পেয়ে ১৪ দলের নেতারা একে একে আসতে থাকেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তাদের হাতে নৌকার চিঠি তুলে দেন। এ পর্যন্ত চিঠি পেয়েছেন নড়াইল-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। এছাড়া, জাসদ (আম্বিয়া) অংশ থেকে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মাঈনুদ্দিন খান বাদল। জাসদের এই নেতা ওই আসনের বর্তমান সংসদ সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৪ দলের নেতাদের মধ্যে আজকে চারজন চিঠি নিয়ে গেছেন। এদের মধ্যে রয়েছেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া, মাঈনুদ্দিন খান বাদল, তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও আনোয়ার হোসেন।








