নোয়াখালীর সুবর্ণচরে ভোটের দিন এক নারীকে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের নিন্দা জানিয়েছেন খেলাফতে ইসলাম বাংলাদেশ’র আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
হাসানাত আমিনী বিবৃতিতে বলেন, ‘ভিন্ন প্রতীকে ভোট দেওয়ায় যারা রাতের আঁধারে ঘরে প্রবেশ করে স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননী নারীর ওপর পাশবিক নির্যাতন করেছে, তারা আকারে মানুষ হলেও প্রকৃতপক্ষে তারা মানুষ নামের হায়না। নারীর প্রতি তাদের ন্যূনতম সম্মানবোধ নেই। এই হৃদয়হীনা হায়েনাদের কারণেই সমাজে আজ শান্তির বদলে অশান্তির দাবানল জ্বলছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
হাসানাত আমিনী আরও বলেন, ‘কে কোন প্রতীকে ভোট দেবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে চাপ প্রয়োগ, বাধা প্রদান বা অত্যাচার মানুষের মৌলিক অধিকার হরণের শামিল। নোয়াখালীতে দলান্ধ গুটি কয়েক নষ্ট-ভ্রষ্ট এই জঘন্য কাজ করে আমাদের সমাজকে, দেশকে বিশ্ব দরবারে কলুষিত করেছে। এদের সর্বোচ্চ আইনি শাস্তি দাবি করছি। একইসঙ্গে নির্যাতিতা নারীর সুচিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’








