‘জনগণের আস্থা চাইলে জিয়ার পরিবার থেকে বিএনপিকে রক্ষা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৯:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:৩৪

বক্তব্য রাকছেন মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপিকে জনগণের আস্থা অর্জন করতে হলে জিয়ার অভিশপ্ত পরিবার থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। নতুন করে দলের নেতৃত্ব ঢেলে সাজাতে হবে। তাহলেই যদি জনগণের আস্থা অর্জন করা যায়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপিকে অনুরোধ করে বলছি, নির্বাচনে ছিদ্র খোঁজার দরকার নেই। আপনারা নিজেদের পরাজয়ের কারণ উদ্ঘাটন করুন। কারণ উদঘাটন করে বাংলাদেশের মানুষের চাওয়া প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে দলকে নতুন করে ঢেলে সাজান। বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজ খালেদা জিয়া, তারেক রহমানকে কখনও ক্ষমতায় দেখতে চায় না। বিএনপিকে জনগণের আস্থা অর্জন করতে হলে, জিয়ার অভিশপ্ত পরিবার থেকে বিএনপিকে রক্ষা করতে হবে, নতুন করে দলের নেতৃত্ব ঢেলে সাজাতে হবে। তাহলেই যদি জনগণের আস্থা অর্জন করা যায়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন বর্জন করে কোনও সুফল বয়ে আনা যাবে না। ২০১৪ সালের নির্বাচন আপনারা বর্জন করেছিলেন। তার খেসারত আপনাদের দিতে হয়েছিল। এই সিটি করপোরেশন নির্বাচনে আপনারা অংশ নেবেন না, আপনারা কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। জনগণ আপনাদের এই কূটকৌশলের দাঁতভাঙা জবাব দেবে। ২৮ ফেব্রুয়ারি নৌকার বিপুল বিজয়ের মাধ্যমে সেই কূটকৌশলের শিক্ষা হবে। এই নির্বাচনে অংশ না নেওয়ার মতো যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে রাজনীতি থেকে বিএনপিকে একেবারে ছিটকে চলে যেতে হবে। বিএনপির জন্য ভবিষ্যতে অশনি সংকেত বয়ে আনবে।’
পাকিস্তানের দোসর, একাত্তরের ঘাতক দালালদের এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না, এটা আবারও প্রমাণিত হয়েছে এমন উল্লেখ করে হানিফ বলেন, ‘বিএনপিকে পরিষ্কার করে বলতে হবে—তারা কার জন্য রাজনীতি করেছে? আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, দেশবাসী লক্ষ করেছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তাদের রাজনীতিতে দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিছু ছিল না।’
বিএনপির ভুল রাজনীতি ছিল এমন দাবি করে হানিফ আরও বলেন, ‘তাদের লক্ষ্য ছিল একটাই, এই বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ব্যাহত করে, এই বাংলাদেশকে একটি ব্যর্থ ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা। বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত বিএনপির রাজনীতি কী ছিল? রাজনীতি ছিল একটাই—দুর্নীতিবাজ খালেদা জিয়াকে তার মামলা থেকে রক্ষা করা, দুর্নীতিবাজ তারেক রহমানকে তার অপরাধ থেকে রক্ষা করা, আর জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের মামলা থেকে রক্ষা করা। বিএনপি ক্ষমতায় থাকতে বাংলাদেশের জনগণের জন্য একটাও কল্যাণমূলক কাজ করতে পারেনি। ক্ষমতার বাইরে থেকে কখনও একটা কথাও বলেনি জনগণের জন্য। তাহলে কেন জনগণ তাদের ভোট দেবে? আজকে কোন লজ্জায় তারা জনগণের কাছে ভোট চাইবেন। তাদের ভোট চাওয়ার কোনও অধিকার ছিল না। যার ফলস্বরূপ এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের চরম ভরাডুবি।’

ডিএনসিসি নির্বাচনে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম প্রসঙ্গে হানিফ বলেন, ‘আতিকুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তিনি যখন বিজিএমইএ সভাপতি ছিলেন, তখন অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। প্রয়াত মেয়র আনিসুল হককে বিগত সময়ে মনোনয়ন দিয়ে জননেত্রী শেখ হাসিনা সাহসের প্রমাণ দিয়েছেন। আনিসুল হকের বিভিন্ন কাজ থেকে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মানুষের সেবা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী বাছাই করেছিলেন। আমি আবারও আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি, ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি আতিকুল ইসলামকে, এক্ষেত্রে আমার মনে হয়েছে, প্রধানমন্ত্রী আবারও বিচক্ষণতার সঙ্গে এই মনোনয়ন দিয়েছেন। আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হকের মতোই ভূমিকা রাখবেন—এটা আমার প্রত্যাশা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ‘আব্দুর রহমান সাহেব বলেছেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদ যার মাথার ওপরে, তিনি কখনও বাংলাদেশে নির্বাচনে পরাজিত হতে পারেন না। আমরা বিশ্বাস করি, আগামী ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে আতিকুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করে সেটা প্রমাণ করবেন।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম