বন্যা কবলিত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করার দাবি জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ভালো কাজ করতে চাইলে খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন। তিনি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন কৃষকদের সাহায্য করবেন, কৃষকদের পাশে দাঁড়াবেন ও কৃষকদের ঋণ মওকুফ করবেন। তিনি তা করেছিলেন। হাজার হাজার কৃষকের ঋণ মওকুফ করেছিলেন। মানুষ বন্যাকবলিত হলে খালেদা জিয়া তাদের কাছে ছুটে যেতেন। আর্থিক সহায়তা করতেন। আর আজকের প্রধানমন্ত্রী তিনি কোথায় আছেন? দেশবাসীও তা জানে না।
মঙ্গলবার ( ৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের উদ্যোগে বন্যা কবলিত কৃষকদের ঋণ ও সুদ মওকুফের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে শেয়ার বাজার থেকে ২৭ হাজার কোটি টাকা নাই হয়ে গেল, একটা মামলা হয় নাই। আর আমার অবহেলিত কৃষকরা যারা বন্যাকবলিত, যাদের বসতভিটা নাই তাদের ২/৩ হাজার টাকার জন্য মামলা হচ্ছে, বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। আমি দাবি করি, অনতিবিলম্বে এই কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করা হোক।
দুদু বলেন, আপনি প্রধানমন্ত্রী বিদেশে গেছেন চিকিৎসা নিতে। কিন্তু, এই কৃষকদের কে দেখবে? বন্যা কবলিত মানুষদের কে দেখবে? ডেঙ্গু আক্রান্ত মানুষদের কে দেখবে? আপনি শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন, সারের দাম কমাবেন, দশ টাকা সের চাল খাওয়াবেন। কিন্তু তা করেন নাই। এখন কৃষকরা অনেক কষ্টে আছে। কিন্তু আপনাকে আর খুঁজে পাওয়া যায় না।
কৃষক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের আদেশ, আমাদেরকে গ্রামের কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আমাদের যা সামর্থ্য আছে, সে অনুযায়ী সাহায্য করতে হবে। তাই, চলুন কৃষকদের সাহায্যে এগিয়ে আসি।
এ সময় তিনি কৃষি ব্যাংকের এমডি ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিবেক থাকলে কৃষকদের পাশে দাঁড়ান, তাদের সমস্যা সমাধান করেন। মানববন্ধন শেষে কৃষক দলের পক্ষ থেকে কৃষি ব্যাংকের এমডির কাছে স্মারকলিপি প্রদান করতে যান নেতারা।
মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।







