প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির জন্ম প্রাকৃতিক ও বৈধভাবে। বিএনপি পঁচেনি, জনগণের চোখে আপনি পঁচে গেছেন। ফরমালিন দিয়ে আপনি নিজেই টিকে কোনওমতে আছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'ঘুড়ে দাঁড়াও বাংলাদেশ' আয়োজিত জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাপান সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়ে গয়েশ্বর বলেন, তিনি আদালত অবমাননা করেছেন, যা দেশের ১৬ কোটি মানুষকে অবমাননার সমান। তাকে অাগে ক্ষমতা থেকে নামাতে হবে। পরে হেমায়তপুরে নয়তো ভারতে পাঠিয়ে দিতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, 'অবৈধ প্রধানমন্ত্রী' আইনশৃংখলা বাহিনীর ওপর ভরসা করেই টিকে আছেন। কিন্তু অাওয়ামী লীগের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছে, তারা কোন অালোর পথ দেখতে পাচ্ছে না।'
কাদের সিদ্দিকীর সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সংঠনের মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, সংগঠনের সদস্য অাবু মোহাম্মদ প্রমুখ।








