তারেক ও কোকোর টাকা সুইস ব্যাংকে অাছে এমন মন্তব্য করায় গতকাল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে ক্ষমা চাইতে বলেছেন তারেক রহমান।
গত ১ জুলাই মঙ্গলবার তাদের দুজনকে সুইস ব্যাংকে টাকার রাখার অভিযোগে অভিযুক্ত করেন হাছান মাহমুদ।
এজন্য বৃহস্পতিবার একটি আইনি নোটিশের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতাসীন দলের এই সাংসদকে ক্ষমা চাইতে বলেছেন।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদকে দুই সপ্তাহের মধ্যে তার এ বক্তব্য প্রমাণ করতে হবে বা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উকিল নোটিশ পঠিয়েছেন তারেকের আইনজীবী কায়সার কামাল। নোটিশে আরও বলা হয়েছে সুইস ব্যাংকে তারেক এবং তার ভাই কোকোর কোনও অ্যাকাউন্ট নেই।
এ ব্যাপারে হাছান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনো কোনও উকিল নোটিশ পাননি বলে জানান।
হাছান মাহমুদ জানান, এর আগেও তারেক দুইবার অাইনি নোটিশ পাঠিয়েছে কিন্তু তিনি কোনো উত্তর দেননি। বরং তিনি বিএনপির এই নেতাকে পাল্টা নোটিশ পাঠিয়েছেন।
সুইস ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ ২০১২ সালে ছিল এক হাজার ৯০৮ কোটি টাকা। ২০১৩ সালে যার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৩ কোটি ৩৭ লাখ টাকা।
এই প্রতিবেদন প্রকাশের পর বাংলদেশিদের অ্যাকউন্টগুলো সম্পর্কে তদন্তের একটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।








