রাষ্ট্রীয় গণতন্ত্র এখন নির্বাসনে। ক্ষমতাসীন গোষ্ঠী বিভেদ, অনৈক্য ও সংকীর্ণতা জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার দুপুরে এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘স্বাধীনতার পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে গণতন্ত্রকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। আবারও সেই অশুভ শক্তি দেশের লোকজনের সার্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক অমানবিক কায়দায় থেতলে দিয়ে সীমাহীন রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব দুর্বল করে যাচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন, বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই সদ্য স্বাধীন বাংলাদেশ নেতৃত্বহীন হয়ে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে।
/এসটিএস/এফএ/








