মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেদীতে শ্রদ্ধা জানাতে প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার (২৬ মার্চ) সকালে দলের নেতা কামরুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, সরকার সাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের সময় সকাল ৭টা-৯টা ও দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করলেও তা মানা হয়নি। ওয়ার্কার্স পার্টিরা নেতারা সকাল ৮টায় শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য মূল বেদীতে প্রবেশ করতে চাইলে দেওয়া হয়নি। ফলে প্রবেশ পথের প্রধান ফটকে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ করতে বাধ্য হয়। যা স্বাধীনতার চেতনাকে আঘাত করে। আগামীতে এমন ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ থাকবেন বলে নেতারা আশা প্রকাশ করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পার্টির পলিটব্যুরো অন্যতম সদস্য আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শহীদদের প্রতি লাল সালাম জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন প্রমুখ।








