বিজয় দিবসে শোভাযাত্রা ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়নি।'
সকালে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে কেন্দ্রীয় নেতারা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শোভাযাত্রার উদ্বোধনকালে এবি পাটির নেতারা বলেন, 'মুক্তিযুদ্ধ ছিল বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বীর সন্তানদের জীবন বিলিয়ে দেওয়া মুক্তি অর্জনের স্বপ্নযুদ্ধ। ১৬ ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়েছে তার অঙ্গীকার রক্ষা করতে পারেনি আমাদের জাতীয় নেতারা। আমরা এখনও গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য সংগ্রাম করছি।'
বিজয় দিবস পালন উপলক্ষে গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় দিবসের তাৎপর্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি, লুটেরামুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানান সংঘের সদস্যরা।
এছাড়াও শীর্ষ পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে।









