১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপির ইফতারে অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাংলাদেশ ন্যাপসহ বেশ কয়েকটি দল। বুধবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতারে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানিসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
উপস্থিত একাধিক রাজনীতিক বাংলা ট্রিবিউনকে জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় জোটের দিকে আগ্রহ তৈরি হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেবেল রহমান গানির। তাদের উভয়েরই সরকার প্রভাবিত কোনও জোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আমাদের ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন। ইফতার একটি ধর্মীয় অনুষ্ঠান। সবার সঙ্গে মতবিনিময় হয়েছে। আগামী নির্বাচন নিয়ে আলোচনা চালিয়ে যেতে আমাদের মধ্যে আরও দেখা-সাক্ষাৎ হতে পারে।’
এক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বা মহাজোট সম্প্রসারণ হবে কিনা, এমন প্রশ্নের জবাবে জেবেল রহমান উল্লেখ করেন, এখনই এ বিষয়ে বলার মতো সময় আসেনি।
ইফতারে অংশ নেওয়া একাধিক রাজনীতিক মনে করেন, এখনই মহাজোট সম্প্রসারণ ও ১৪ দলীয় জোটে কাদের সিদ্দিকী, জেবেল রহমানদের যোগদান করার সম্ভাবনা প্রায় নেই। বিশেষত, আগামী নির্বাচনের আগে নির্বাচনি কৌশল কী হবে, পৃথক সরকারপন্থি কোনও জোট হবে কিনা, এসব বিষয় আলোচনার দাবি রাখে।








