আটক, গ্রেফতার ও অবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলার অভিযোগ এনে আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সন্ধ্যা ছয়টায় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ হবে। এরপর মঞ্চ বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
এদিকে, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে আরও সময় নিচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিবেদককে বলেন, ‘আমরা স্থায়ী কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।’
গণতন্ত্র মঞ্চসহ যুগপতে যুক্ত নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, শনিবারের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তারা আগেই আঁচ করেছেন। সেক্ষেত্রে সিনিয়র নেতাদের গ্রেফতার বা আটক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে কোনও কোনও দলের সিনিয়র নেতারা ভড়কে গেছেন।
শনিবার বিকাল ৩টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় রাজধানীর অন্তত পাঁচটি জায়গায় সংঘটিত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হয়েছে। আটক কতজন হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বক্তব্য দেয়নি বিএনপি।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চেষ্টা করছি খোঁজ নেওয়ার। জানামাত্র জানাবো।’








