‘দিল্লি আছে, আমরা আছি’– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, সরকারী দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার নামান্তর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা কমিটির সভায় বক্তরা এ কথা বলেন। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারি দলের সাধারণ সম্পাদক তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে। সরকারি দল দেশের জনগণ নয় বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।
নেতারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী এ ধরনের অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।








