খালেদা জিয়া ইস্যুতে জাতিসংঘের ভয় দেখিয়ে লাভ নেই

‘কোটা-শিক্ষকদের আন্দোলনে ভর করবে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুলাই ২০২৪, ১৭:০৯আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৭:১৭

চলমান কোটাবিরোধী ও শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করবে। আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের ওপর ভর করবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন। কে শোনে জাতিসংঘের কথা?

শনিবার (৬ জুলাই) রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু খুঁজছে মন্তব্য করে তিনি বলেন, নিজেদের কোনও অস্তিত্ব নেই। নির্বাচনে যায়নি। আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর ওপর ভর করা।

কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা তো (কোটা) কোর্টের রায়ের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। আমাদের ব্যবস্থা ছিল কোটামুক্ত। আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কী বলার আছে? সরকারের কী দোষ? সরকার তো এটা করেনি।

জাতিসংঘের ভয় দেখিয়ে লাভ নেই

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন। কে শোনে জাতিসংঘের কথা? গাজায় ইসরায়েল শোনে? দেশে দেশে যুদ্ধ। জাতিসংঘের কথায় কী যুদ্ধ বন্ধ হয়েছে? জাতিসংঘ দেখিয়ে কোনও লাভ নেই। এটা আইনের ব্যাপার। আইনমন্ত্রী খোলাসা করেছেন। আমি নতুন করে কিছু বলতে চাই না।

প্রধানমন্ত্রীর নির্দেশে জনসংহতি নেতা সন্তু লারমার সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, তাকে বলেছি শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে। কারণ সেখানে মূল সমস্যা হচ্ছে ভূমি। এর সমাধান অত সহজ না। তা ছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যেদিকে যাই শুধু উন্নয়ন চোখে পড়ে। আজ পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক হচ্ছে। সেনাবাহিনী কাজট করেছে। শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

ভারত রাজনৈতিক চীন উন্নয়ন বন্ধু

বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনার পলিসি। এই পলিসি আমরা ফলো করি। ভারত আমাদের ৭১ সালের পরীক্ষিত বন্ধু। ’৭১ সালের রক্তের রাখী বন্ধনে আমাদের এই সম্পর্ক  আবদ্ধ। এ সময় মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সহযোগিতার কথা তুলে ধরেন কাদের। একইসঙ্গে ছিটমহল বিনিময়, আন্তর্জাতিক সমুদ্রসীমা বিজয়সহ বিভিন্ন কথা তুলে ধরেন। তিনি বলেন, দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না।

তিনি বলেন, সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায়। আর এসব সমাধান কেন হয়েছে, ২৫ বছরের মৈত্রী চুক্তি। এই চুক্তিকে তারা (বিএনপি) বলছে গোলামির চুক্তি। তো আমরা কী পেলাম? খালি হাতে ফিরেছি? খালি হাতে আগে ফিরিনি, এবারও ফিরিনি।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কাদের বলেন, চীনের সঙ্গে আমাদের অংশীদারত্ব আছে উন্নয়নের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু। চীন উন্নয়নের বন্ধু। আমাদের চট্টগ্রামের দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেল। এটা কে করে দিয়েছে? চীনারা। ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের যে রাস্তা দিয়ে আসেন এ উন্নয়ন ও রাস্তার নির্মাণ করেছে সিনো হাইড্রো। গতকাল (শুক্রবার) পদ্মা সেতুর যে সমাপনী অনুষ্ঠান হলো, এই পদ্মা সেতুর মেইন ব্রিজ ও রিভার চেঞ্জিং দুটি কোম্পানিই চীনের। তারা আমাদের পদ্মাসেতু করে দিয়েছে।

মেট্রোরেলের জন্য জাপান সাহায্য করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমার উন্নয়নের জন্য যেখানে সুযোগ-সুবিধা পাবো তা কেন নেবো না? আমার তো সাহায্য দরকার। যেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্য কেন নেবো না? এতে কারও কারও গা জ্বলে, কেউ কেউ অন্তর জ্বালায় জ্বলছে। কেন পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল রেল হয়ে গেল। এটা অনেকের অন্তর জ্বালা। অন্তর জ্বালায় যারা মরে তাদের এসব প্রশ্নের জবাব দিতে চাই না।

প্রধানমন্ত্রীর চীন সফরকে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, বিএনপির এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যাই না। বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন নিজেদের এত টাকার দরকার কি? এত টাকা নিজেরা খরচ করলে বিদেশি টাকা পাওয়া যাবে না। ভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বারবার হাজির হতো বিএনপির অর্থমন্ত্রী। তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না।

তিনি বলেন, নতজানু করা হয়? মেরুদণ্ডহীনরা নতজানু হয়। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনোদিনও নতজানু হবেন না।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
বন্যা প্রতিরোধে বেড়িবাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সঙ্গে কাজ করছে সরকার: মাহদী আমিন
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সঙ্গে কাজ করছে সরকার: মাহদী আমিন
বিমানের বহরে যুক্ত হচ্ছে বোয়িং-এয়ারবাস, সীমান্তে মোতায়েন অ্যান্টি-ড্রোন
বিমানের বহরে যুক্ত হচ্ছে বোয়িং-এয়ারবাস, সীমান্তে মোতায়েন অ্যান্টি-ড্রোন
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবাকে গ্রেফতার দেখানোর আবেদন
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবাকে গ্রেফতার দেখানোর আবেদন
৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ
৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম